শাস্ত্রে বলা হয়েছে — মাত্র একবার ‘কৃষ্ণ’ নাম নিলেই কোটি কোটি জন্মের পাপ শেষ হয়ে যায়। তাই যদি হয়, তাহলে বলুন তো — যারা সারাজীবন মালা জপ করলেন, যারা ঘুম ভুলে শুধু ‘হরে কৃষ্ণ’ নাম করলেন, তারা কি শাস্ত্র জানতেন না?
একবার কৃষ্ণ বললেই যদি মুক্তি হয়, তাহলে মহান সাধুরা কেন প্রতিদিন কাঁদতেন কৃষ্ণ নামের জন্য। কেন শ্রীল হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন। কেন ভক্তরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মালা হাত থেকে ফেলেন না। তাহলে কি আমরা ‘কৃষ্ণ নাম’-এর আসল শক্তিকে ভুল বুঝে বসে আছি? নাকি এমন কোনো ভয়ঙ্কর সত্য আছে, যেটা আজ পর্যন্ত অধিকাংশ মানুষ বুঝতেই পারেনি!
শাস্ত্র কেন বলছে, একবার কৃষ্ণ নামেই মুক্তি?
একদিকে শাস্ত্র বলছে — একবার কৃষ্ণ নামেই সমস্ত পাপ থেকে মুক্তি। আর অন্যদিকে আমরা দেখি, ইসকনের ভক্তরা প্রতিদিন নিরন্তর হরিনাম জপ করছেন। মহান নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর সারাজীবন শুধু হরিনামের মধ্যেই ডুবে ছিলেন… তাহলে আসল সত্যটা কী?
একবার কৃষ্ণ নাম আর সারাজীবন কৃষ্ণ নাম করার মধ্যে পার্থক্য কোথায়?
শাস্ত্র বলছে— “একটা শুদ্ধ কৃষ্ণনাম যত পাপ নষ্ট করতে পারে— মানুষ তত পাপ করার ক্ষমতাই রাখে না।” এটা কোনো গল্প না, এটাই বাস্তব।
আপনারা একটু ভেবে দেখুন। সূর্য উঠলে অন্ধকার ধীরে ধীরে সরে যায় না। এক মুহূর্তেই অন্ধকার পালাতে বাধ্য হয়।

কেউ একবার সূর্যকে জিজ্ঞেস করেছিল— ‘অন্ধকার দেখতে কেমন। সূর্য উত্তর দিলেন— ‘অন্ধকার? আমি কোনোদিন অন্ধকার দেখিনি। আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু আলো…! কারণ, সূর্যের সামনে অন্ধকার টিকেই থাকতে পারে না।
সূর্য অন্ধকারকে একটু একটু করে সরায় না— এক মুহূর্তে ভস্ম করে দেয়! ঠিক তেমনই… একটা “শুদ্ধ কৃষ্ণনাম” হলো কোটি সূর্যের থেকেও শক্তিশালী। আর আমাদের সমস্ত পাপ হলো অন্ধকার। আপনার হৃদয়ে যত পাপই জমে থাকুক না কেন, যদি সত্যিকারের কৃষ্ণনাম হৃদয়ে উদয় হয়, তাহলে,সেই পাপের আর লুকিয়ে থাকার জায়গা থাকবে না।
যেভাবে সূর্যের আলো আসলে, অন্ধকার পালানোর পথ খুঁজে পায় না, ঠিক সেভাবেই হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করলে— পাপ, ভয়, অশান্তি সব পালাতে বাধ্য হয়! কারণ কৃষ্ণনাম শুধু শব্দ নয়… কৃষ্ণনাম মানে স্বয়ং কৃষ্ণের জীবন্ত উপস্থিতি!
কৃষ্ণ নাম করেও আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন?
যদি একবার ‘কৃষ্ণ’ নাম নিলেই সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জীবনে সেই পরিবর্তন আসে না কেন?
সমস্যা কৃষ্ণনামের মধ্যে নয়, সমস্যা আমাদের মনে। আমরা মুখে বলি— ‘হরে কৃষ্ণ… হরে কৃষ্ণ…’ কিন্তু সেই সময় আমাদের মন কোথায় ঘুরে বেড়ায়? আমাদের মন তখন থাকে মোবাইলের রিলস ভিডিওতে…

আমাদের মুখে কৃষ্ণ কিন্তু হৃদয়ে পৃথিবী।
এটা কি শুদ্ধ নাম? না! আপনারা একটু ভেবে দেখুন। আপনি যদি কোন ব্যক্তিকে ডাকেন, আর আপনি ডাকতে ডাকতে অন্য কারো কথাই ভাবেন… তাহলে সেটা কি সত্যিকারের ডাকা হয়? কখনোই না।
ঠিক একইভাবে, আজ আমাদের হরিনামের সবচেয়ে বড় সমস্যা এটাই! মুখে কৃষ্ণ নামের শব্দ আছে, কিন্তু হৃদয়ে নেই।
হাতে মালা আছে কিন্তু মন নেই। এই কারণেই নাম মুখে ঘোরে, কিন্তু হৃদয়ে কৃষ্ণ উদয় হন না।
এবার আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটা ঘটনা শুনুন…
উনি যখন পড়াশোনা করতেন, তখন এমন গভীর একাগ্রতায় ডুবে যেতেন, যে চারপাশে কী হচ্ছে, কিছুই টের পেতেন না। একদিন একটা বরযাত্রীর গাড়ি তার পাশ দিয়ে চলে গেল। বাজনা, লোকজন, হৈচৈ… সবকিছু নিয়ে।

পরে একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন— ‘আপনার পাশ দিয়ে তো এত বড় বরযাত্রী গেল, কোন পথে গেল বলতে পারবেন?’ বিদ্যাসাগর শান্তভাবে উত্তর দিলেন— ‘আমি তো পড়ায় ডুবে ছিলাম।কিছু দেখিনি… কিছু শুনিওনি!’
এটা ছিল একজন সাধারণ মানুষের মনোযোগ।
আর আমরা যখন স্বয়ং কৃষ্ণকে ডাকছি— তখন আমাদের মন কোথায় থাকে? আমাদের হাতে জপমালা… কিন্তু চোখ টিভির সিরিয়ালে। মুখে ‘হরে কৃষ্ণ’… কিন্তু মন মোবাইলের নোটিফিকেশনে।
এটা হরিনাম নয় এটা শুধু ঠোঁটের শব্দ।
শুদ্ধ নাম তখনই হবে— যখন হৃদয় কাঁদবে কৃষ্ণের জন্য।মন থেমে যাবে কৃষ্ণের সেবায়… আর আত্মা শুধু কৃষ্ণকেই খুঁজবে। হরিনাম করতে হয় বিদ্যাসাগরের সেই একাগ্রতার থেকেও গভীরভাবে। যেখানে পৃথিবী হারিয়ে যায়, আর শুধু কৃষ্ণই বেঁচে থাকেন! কিন্তু সত্য কথাটা কী জানেন? আমরা এখনো ‘সত্যিকারের কৃষ্ণনাম’ নিতে শিখিনি…!
কৃষ্ণ নাম কি মনের ময়লা মুছতে পারে?
একটা দৃষ্টান্ত শুনুন…
ধরুন একটা আয়না বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। ধুলো জমে গেছে… আয়নার ওপর কালো হয়ে গেছে। এখন আপনি যদি একবার কাপড় দিয়ে মুছেন— তাহলে কি সব পরিষ্কার হয়ে যায়? না! বারবার আপনাকে মুছতে হবে। আস্তে আস্তে ধুলোবালি সরে যাবে, তারপর একসময় নিজের মুখটাই স্পষ্ট দেখা যাবে।
ঠিক তেমনই— আমাদের মনও একটা ধুলোমাখা আয়না। কাম, ক্রোধ, লোভ, অহংকার, হিংসা, মোহ— জন্ম জন্মান্তরের পাপ আর আসক্তির ধুলোতে আমাদের হৃদয় ঢেকে গেছে।
আর হরিনাম কী করে?
হরিনাম হলো সেই আয়না পরিষ্কার করার একমাত্র শক্তি। তাই একদিন নয়… প্রতিদিন হরিনাম জপ করতে হবে। বারবার কৃষ্ণ বলতে হবে। কারণ, প্রতিটা হরিনাম হৃদয়ের একটা করে ধুলো সরায়। আর একদিন সেই হৃদয়েই কৃষ্ণ প্রকাশিত হন!
আর শুনে রাখুন— আমি যে হরিনামের কথা বলছি, এটা এই পৃথিবীর কোনো সাধারণ শব্দ নয়।
এটা কোনো শাস্ত্রের শ্লোকও নয়… এটাকে বলা হয়— মহামন্ত্র।
এই ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র এটা এই পৃথিবীর কোন শাস্ত্র থেকে আসেনি। এটা এসেছে গোলকধাম থেকে! যে গোলকধামে প্রতিনিয়ত ভক্তরা আনন্দে কৃষ্ণনাম কীর্তন করেন… যেখানে প্রতিটি মুহূর্ত ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখরিত হয়!
হরিনামে আমাদের রুচি হয় না কেন?
শাস্ত্রে বলা হয়েছে— গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রোতিনা জন্মিলো কেনে তাই। শাস্ত্র কাররা প্রশ্ন করেছে, যে হরিনাম গোলকের সম্পদ, সেই হরিনামে তোমাদের রতি জন্মালো না কেন।
আপনারা একটু আরো গভীর ভাবে কথাগুলি শ্রবণ করুন…
এই মহামন্ত্র শুধু এই ব্রহ্মাণ্ডের সম্পদ নয়। এটা স্বর্গলোকেরও উপরে… ব্রহ্মলোকেরও উপরে… এমনকি বৈকুণ্ঠেরও উপরে অবস্থিত সেই চিরআনন্দময় গোলকধাম থেকে এসেছে!
আর কে নিয়ে এসেছিলেন? স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্যদেব! কেন? শুধু আমাদের জন্য… আমাদের মতো পতিত, ভাঙা, অশান্ত জীবদের উদ্ধার করার জন্য।
মহাপ্রভু সারাজীবন কেঁদেছেন। রাস্তায় রাস্তায় কৃষ্ণনাম বিলিয়েছেন। মানুষকে ডেকে বলেছেন— ‘একবার কৃষ্ণ বলো…!’ কিন্তু দুঃখের বিষয় কী জানেন ? যে নামের জন্য দেবতারা অপেক্ষা করেন, যে নাম গোলকধাম থেকে এসেছে, যে নাম মানুষকে সরাসরি কৃষ্ণের কাছে পৌঁছে দিতে পারে, আমরা আজও সেই হরিনামের প্রকৃত মহিমা বুঝতে পারিনি। এটাই আমাদের চরম ব্যর্থতা!
কৃষ্ণনামের জন্য মহাপ্রভুর বিনয় ও করুণা
একবার সেই দৃশ্যটা হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন। রাত নয়… দিন নয়… নবদ্বীপের পথে পথে এক সোনার মানুষ কাঁদতে কাঁদতে এগিয়ে যাচ্ছেন। মুখে শুধু—‘হরে কৃষ্ণ… হরে কৃষ্ণ এই নাম। চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা ঝরছে। আর সেই চোখের জলে ভিজে যাচ্ছে তার বুক… তার বস্ত্র…এবং তার পুরো দেহ! তার গায়ে ধুলো-মাটি কিন্তু ভেতরে কৃষ্ণবিরহের আগুন!
তিনি আর কেউ নন— স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।

তার সাথে আছেন নিত্যানন্দ প্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, আর অসংখ্য ভক্তগন সবাই নগর কীর্তনে ডুবে আছেন। কীর্তন করতে করতে, হঠাৎ মহাপ্রভুর চোখ পড়লো এক ধোপার দিকে। ধোপা কাপড় ধুচ্ছে… সংসারের কাজে ব্যস্ত। মহাপ্রভু তার কাছে এগিয়ে গেলেন।
কাঁদতে কাঁদতে বললেন— ‘ওগো একবার বলো হরে কৃষ্ণ! একবার এই গোলকের সম্পদ গ্রহণ করো। চলো আমাদের সাথে নগর কীর্তনে! স্বয়ং ভগবান একজন সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছেন।
কিসের ভিক্ষা? একবার কৃষ্ণনাম করার ভিক্ষা!
ধোপা মাথা নিচু করে বলল— আমি যেতে পারবো না প্রভু। আমি যদি এখন আপনার সাথে যাই, তাহলে মালিক আমাকে তাড়িয়ে দেবে। এই কাপড় ধোয়া শেষ না করে আমি যেতে পারবো না!
তারপর মহাপ্রভু যা বললেন… সেটা শুনে ভক্তদের বুক ফেটে কান্না চলে এলো।
মহাপ্রভু বললেন— তোমার কাপড় আমি ধুয়ে দিচ্ছি। তুমি শুধু একবার বলো— হরে কৃষ্ণ। একবার এই গোলকের হরিনাম জপ করো।
…হে ভগবান… যিনি শুধু নিঃশ্বাসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে, যার এক দৃষ্টিতে অসংখ্য বিশ্ব কাঁপে, সেই স্বয়ং পরমেশ্বর… আজ আমাদের মতো পতিত জীবদের দরজায় দরজায় ঘুরে কাঁদছেন—‘একবার কৃষ্ণ বলানোর জন্য…
কিন্তু আমরা?
আমরা আজ মোবাইল নিয়ে ব্যস্ত,টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত, কামনা ভোগ টাকা অহংকার নিয়ে ব্যস্ত! আমাদের ঘরেই সূর্য এসেছিল। কিন্তু আমরা সূর্যকে চিনতে পারিনি! আমাদের ঘরেই গৌর এসেছিলেন… আমাদের মাটিতেই শ্রীকৃষ্ণ লীলা করে গেলেন। নদিয়ার এই বাংলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন!
এটা তো আমাদের ঘর ছিল… কিন্তু আমরা কী করলাম? আমরা ভোগেই ডুবে রইলাম,মায়ায় ডুবে রইলাম,এবং কৃষ্ণকে ভুলে গেলাম।
আর আজ বিদেশের মানুষ সবকিছু ছেড়ে মায়াপুরে এসে কাঁদছে। ইসকনে যোগ দিয়ে মালা হাতে হরিনাম করছে!
আর আমরা? আমরা ঘরের ছেলে হয়েও, নিজের বাবাকেই চিনতে পারলাম না!
একবার কৃষ্ণ বললে আমাদের পাপ কেন ক্ষয় হচ্ছে না?
শাস্ত্র বলেছে— একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। কিন্তু আমরা একটা বড় ভুল করি…
আমরা ভাবি— পাপ’ মানে শুধু খারাপ কাজ। যেমন, চুরি করা, মানুষ ঠকানো, অন্যায় করা— এটাই পাপ।
কিন্তু না!
পাপ শুধু হাতে হয় না,পাপ জন্মায় মনে। যে মুহূর্তে হৃদয়ে লোভ জাগে, যে মুহূর্তে কামনা জাগে, যে মুহূর্তে কারো ক্ষতি করার চিন্তা আসে, সেই মুহূর্তেই পাপ জন্ম নিতে শুরু করে।
সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কী জানেন?
মানুষ পাপ করে হাতে আগে না,মানুষ পাপ করে মনে আগে। কাউকে হত্যা করার আগে মনে ঘৃণা জন্মায়, ব্যভিচারের আগে মনে কামনা জন্মায়। কারোর সাথে বিশ্বাসঘাতকতার আগে মনে লোভ জন্মায়!
পাপের জন্ম হয় হৃদয়ের অন্ধকারে।
তাই শাস্ত্র শুধু বাইরে ভালো মানুষ সাজতে বলেনি— শাস্ত্র বলেছে হৃদয় বদলাতে। আর সেই হৃদয় বদলানোর শক্তি একমাত্র কৃষ্ণনামের মধ্যেই আছে! কৃষ্ণনাম কোনো সাধারণ শব্দ নয়। এটা আগুন!
যে আগুন কাঠ পোড়ায় না।যে আগুন পোড়ায় মনের ভেতরের কামনা, পোড়ায় লোভ, পোড়ায় অহংকার, এবং পোড়ায় সেই অন্ধকার, যেটা জন্ম জন্ম ধরে আমাদের হৃদয়ে বাসা বেঁধে আছে! আপনি বাইরে যতই সাধু সাজুন। কিন্তু ভিতরে যদি আপনার কাম জেগে থাকে, তাহলে আপনি যুদ্ধে হারবেন।
কারণ আসল শত্রু বাইরে না, আসল শত্রু মনের ভিতরে। এই ভিতরের শত্রুর নাম—কাম,ক্রোধ,লোভ,মোহ,মদ, এবং মাত্সর্য। এগুলোই মানুষকে কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়।
মানুষ বলে — ‘আমি তো আজই পাপ ছেড়ে দিয়েছি।’ কিন্তু কয়েকদিন পর আবার সেই পুরোনো পাপে ফিরে যায়।
কেন?
কারণ সে ডাল কেটেছে কিন্তু শিকড় কাটেনি।
ধরুন,
যদি আপনি একটা বিষাক্ত গাছের ডাল ভেঙে ফেলেন। দেখতে মনে হয় গাছ শেষ। কিন্তু মাটির নিচে যদি শিকড় বেঁচে থাকে— তাহলে সেই গাছ আবার জন্মাবে।
ঠিক তেমনই— হৃদয়ের ভিতরে কামনার শিকড় বেঁচে থাকলে, পাপ বারবার ফিরে আসবেই।
আর এখানেই হরিনামের মহিমা…
হরিনাম শুধু পাপ ধুয়ে দেয় না। হরিনাম হৃদয়ের গভীরে ঢুকে সেই পাপের শিকড়টাই উপড়ে ফেলে দেয়!
যখন সত্যিকারের কৃষ্ণনাম হৃদয়ে জাগে— তখন মানুষ বদলাতে শুরু করে। যে চোখ একসময় পাপ খুঁজতো, সেই চোখে জল আসে কৃষ্ণের জন্য। যে মন একসময় ভোগ চাইতো, সেই মন একদিন কৃষ্ণ ছাড়া কিছুই চাইবে না।
এই জন্যই ভক্তরা কাঁদেন। এই জন্যই সাধুরা জীবনভর মালা ছাড়েন না। কারণ তারা জানেন— কৃষ্ণনাম শুধু মুক্তি দেয় না। কৃষ্ণনাম মানুষকে নতুন ভাবে জন্ম দেয়! ভক্তরা হরিনাম জপ করেন না শুধু পাপ ধ্বংস করার জন্য। ভক্তরা হরিনাম জপ করেন, কারণ তাদের হৃদয় কৃষ্ণের জন্য পাগল হয়ে গেছে।
যে মানুষ প্রেমে পড়ে, সে কি প্রিয়জনের নাম একবার বলে থেমে যায়? না! সে বারবার বলে। আবার বলে… হাজারবার বলে! কেন? কারণ ভালোবাসা কখনো একবারে শান্ত হয় না!
ঠিক তেমনই— ভক্তদের হৃদয়ে যখন কৃষ্ণপ্রেম জাগে, তখন তাদের জিহ্বা নিজে থেকেই বলে ওঠে— ‘হরে কৃষ্ণ… হরে কৃষ্ণ! এটা কর্তব্য না, এটা হৃদয়ের ক্ষুধা।
হরিদাস ঠাকুর কেন সারাজীবন হরিনাম করলেন?
একবার নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের কথা চিন্তা করুন। হরিদাস ঠাকুরের বৃদ্ধ শরীর… দুর্বল দেহ।
কিন্তু নামের প্রতি তার নিষ্ঠা কেমন জানেন? পাহাড়ের থেকেও শক্ত! মহাপ্রভু নিজে তার জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। একদিন এক ভক্ত বললেন— ঠাকুর আগে প্রসাদ গ্রহণ করুন তারপর নাম জপ করবেন। কিন্তু হরিদাস ঠাকুরের উত্তর শুনলে,আমাদের বুক কেঁপে ওঠে।
তিনি বললেন— আমার নাম এখনো সম্পূর্ণ হয়নি। আমি কীভাবে প্রসাদ গ্রহণ করি? নাম সম্পূর্ণ না হলে আমার মন অসুস্থ হয়ে যায়।
হে ভগবান…
যে প্রসাদ পাওয়ার জন্য, দেবতারা পর্যন্ত অপেক্ষা করেন, যে প্রসাদ স্বয়ং মহাপ্রভুর কৃপা… সেই প্রসাদ পর্যন্ত ফিরিয়ে দিলেন তিনি।
কেন জানেন?
কারণ তার কাছে কৃষ্ণনাম শুধু মন্ত্র ছিল না। কৃষ্ণনামই ছিল তার প্রাণ! তিনি তিন লক্ষ নাম সম্পূর্ণ না করে, এক দানা অন্ন পর্যন্ত মুখে তুলতেন না।
একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন ।
আমরা কি কখনো এমন কেঁদেছি নামের জন্য?
কখনো এমন অস্থির হয়েছি যে— আজ আমার নাম সম্পূর্ণ হলো না? না। আমরা নামকে কর্তব্য বানিয়েছি… কিন্তু সাধুরা নামকে জীবন বানিয়েছিলেন।
আমরা আজ মোবাইল ছাড়া অস্থির হয়ে যাই, ইন্টারনেট চলে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়।
কিন্তু হরিদাস ঠাকুর তিনি নাম ছাড়া শ্বাস পর্যন্ত নিতে পারতেন না!
নামই ছিল তার শ্বাস,নামই ছিল তার জীবন। নামই ছিল তার কৃষ্ণ! এই জন্যই তিনি নামাচার্য। এই জন্যই পৃথিবী আজও তাকে প্রণাম করে।
এই কথাটা শুনে রাখুন— যেদিন আপনার হৃদয়ে সত্যিকারের কৃষ্ণপ্রেম জাগবে, সেদিন আপনাকে কেউ বলবে না নাম করতে।
আপনার হৃদয় নিজেই চিৎকার করে বলবে— হে কৃষ্ণ…! তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না!
কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা কী?
মানুষ পাপ করতে করতে একসময় ভাবতে শুরু করে— এখন একটু ভোগ করি… এখন একটু নেশা করি… এখন একটু পাপ করে নিজের জীবনটা উপভোগ করি। বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করলেই তো সব মাফ হয়ে যাবে!
এই চিন্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। এটা নামের অপমান! এটাকেই শাস্ত্রে বলা হয়েছে— নাম-অপরাধ। কারণ, যে মানুষ ইচ্ছে করে আগুনে হাত দেয়, তারপর যদি বলে— ‘পরে ওষুধ খেলেই তো ঠিক হয়ে যাবে।সেই ব্যক্তি আগুনকে সম্মান করছে না!
ঠিক তেমনই— যে মানুষ ইচ্ছে করে পাপ করে, আর ভাবে— ‘পরে নাম নিলেই জীবনের সমস্ত পাপ মুক্তি হবে…’ সেই ব্যক্তি হরিনামের প্রকৃত মহিমা বুঝতে পারেনি!
যখন মানুষ পাপকে আঁকড়ে ধরে নাম করে, তখন নামের আসোল শক্তি হৃদয়ে প্রকাশ পায় না। নাম দূরে সরে যায়… এবং নামের কৃপা লুকিয়ে যায়।
আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন কত যুবক নিজের জীবন নষ্ট করে দিচ্ছে। নেশায়,ধূমপানে,মদ্যপানে,এবং মোবাইলের অন্ধকারে।

তারা ভাবে— এখন জীবনটা উপভোগ করি পরে বৃদ্ধ বয়সে গিয়ে একটু নাম করলেই মুক্তি হয়ে যাবে।’
কিন্তু তারা জানে না যে— মৃত্যু কখনো সিগনাল দিয়ে আসে না। মৃত্যু হঠাৎ করেই আসে! যে জিহ্বা, আজ কৃষ্ণ নাম নিতে চায় না, সেই জিহ্বা মৃত্যুর সময় কাঁপতে কাঁপতে নাম নিতে পারবে, এর কোনো গ্যারান্টি নেই।
তাই মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলেছিলেন— তুমি পবিত্র হও কিংবা অপবিত্র, যে অবস্থাতেই থাকো না কেন কৃষ্ণ নাম করো! আমি বলছি আপনাদের একটু চিন্তা করে দেখুন, এমন দয়ালু ভগবান কোথায় পাবেন।
অন্যান্য যুগে কঠিন তপস্যা লাগতো… হাজার বছরের যোগসাধনা লাগতো… অরণ্যে গিয়ে ধ্যান করতে হতো।
কিন্তু কলিযুগে স্বয়ং মহাপ্রভু আমাদের হাতে তুলে দিলেন— ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র। এটাই কলিযুগের মুক্তির নৌকা।এটাই পতিত জীবের শেষ আশ্রয়! শুনুন — এই নাম শুধু পাপ ধ্বংস করে না, এই নাম মৃত হৃদয়কেও জীবন্ত করে তোলে।
মহাপ্রভুর লীলায় এমন ঘটনাও আছে— যেখানে হরিনাম মৃত ব্যক্তিকেও জীবন দিয়েছে!
তাহলে ভাবুন — যে নাম মৃতকে জাগাতে পারে, সে নাম কি আপনার ভাঙা জীবনকে বদলাতে পারবে না?
যে নাম অন্ধকার হৃদয়ে আলো জ্বালাতে পারে, সে নাম কি আপনার ভিতরের পাপকে ধ্বংস করতে পারবে না?
এই জন্যই বলছি— হরিনামকে অবহেলা করবেন না… হরিনামকে শুধু শব্দ ভাববেন না। এই নাম গোলকধাম থেকে এসেছে… এই নাম স্বয়ং কৃষ্ণের করুণা। এই নাম স্বয়ং কৃষ্ণের স্পর্শ!
উদ্ধারের একমাত্র পথ হরিনাম
একবার রত্নাকর দস্যুর কথা চিন্তা করুন। সে ছিল ভয়ঙ্কর পাপী… ডাকাত… এবং হত্যাকারী। মানুষকে লুট করাই ছিল তার জীবন! একদিন সে সাধুরূপী নারদ মুনিকে হত্যা করতে এগিয়ে গেল।

নারদ মুনি শান্তভাবে বললেন— ‘তুমি এত পাপ করছো, তোমার পরিবারের মানুষ কি এই পাপের ভাগ নেবে।
রত্নাকর আত্মবিশ্বাস নিয়ে বাড়ি গেল… কিন্তু একে একে সবাই বললো— তোমার পাপ তুমি করেছো, তার ফলও তোমাকেই ভোগ করতে হবে!
সেই মুহূর্তে রত্নাকরের বুক কেঁপে উঠলো। সে বুঝলো— পাপের সময় সবাই পাশে থাকে, কিন্তু বিচারদিনে কেউ পাশে দাঁড়ায় না! সে কাঁদতে কাঁদতে নারদ মুনির কাছে ফিরে এসে বললো— আমার মুক্তির উপায় কী।

নারদ বললেন— ‘রাম নাম জপ করো!
কিন্তু তখনই ঘটলো আরেক ঘটনা। রত্নাকর এত পাপ করেছিল, যে তার মুখ দিয়ে ‘রাম’ শব্দটাই বের হচ্ছিল না!
দেখুন… পাপ মানুষকে কত নিচে নামিয়ে দেয়।
কিন্তু আজকের কলিযুগে?
আজ এমন মানুষও আছে, যারা রত্নাকরের থেকেও বড় পাপী। তবুও তারা সহজে বলতে পারে— ‘হরে কৃষ্ণ!
কেন জানেন?
কারণ, মহাপ্রভু নামের প্রতি এতটাই কৃপা করেছেন, এতটাই দয়া করেছেন…
যে পৃথিবীর সবচেয়ে বড় পাপীও, যদি সত্যিকারের কান্না নিয়ে, একবার কৃষ্ণকে ডাকে, তাহলে কৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন না! আপনি যত বড় পাপীই হন, কৃষ্ণনামের কৃপা তার থেকেও বড়!
আপনি যতবারই ভেঙে পড়ুন, যতবারই পাপে ডুবে যান, যদি সত্যিকারের হৃদয় নিয়ে বলেন— ‘হে কৃষ্ণ… আমাকে বাঁচাও… তাহলে এই নাম একদিন আপনাকে বদলে দেবেই!





