আমরা অনেকেই বলি, আমি কারো ক্ষতি করিনি তবুও কেন আমরা এত দুঃখ পাচ্ছি? কেউ জন্ম থেকেই সুখী… আর কেউ জন্ম থেকেই কষ্টের সংগ্রামে ভরা কেন। এটা কি এই জন্মের পাপের ফল? নাকি পূর্বজন্মের কর্মফল!
আজকের আমরা জানবো— কেন আমাদের জীবনে দুঃখ আসে, এবং কীভাবে আমরা সেই দুঃখ থেকে মুক্তি পেতে পারি। হিন্দু শাস্ত্রের এক অটল সত্য— “যেমন কর্ম, তেমন ফল।” এটা কোনো গল্প না, কোনো কল্পনা না—এটা জীবনের অটল নিয়ম। আপনারা একটু ভেবে দেখুন— তুমি যদি মাটিতে একটি বীজ বপন করো, সময় লাগবে… কিন্তু একদিন তা গাছ হবেই। আর যদি বিষ বপন করো তাহলে কি কখনো ফুল ফুটবে? না, বিষই জন্ম নেবে।
ঠিক তেমনই আমাদের প্রতিটি কাজ— প্রতিটি চিন্তা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত— নীরবে বপন হয়ে যাচ্ছে জীবনের মাটিতে। আজ তুমি যা করছো তা হয়তো আজই ফল দিচ্ছে না।
কিন্তু সময় এলে— সেটা আগুনের গোলার মতোই তোমার জীবনে ফিরে আসবে।
ভালো কর্ম করলে—সুখ হয়ে ফিরে আসবে।
খারাপ কর্ম করলে—দুঃখ হয়ে আঘাত করবে!
এটাই কর্মের নিয়ম!
এখানে কোনো পক্ষপাত নেই, কোনো ভুল নেই। কিন্তু সবচেয়ে গভীর সত্যটা হলো— এই ফল কখন আসবে তা তুমি ঠিক করতে পারো না। তুমি বীজ বপন করো, কিন্তু ফল আসার সময় নির্ধারণ করে নিয়তি।
আর সেই সময় যখন আসে— তখন কেউ তা আটকাতে পারে না। তাই নিজেকে প্রশ্ন করো— আজ তুমি কী বপন করছো? কারণ, আগামীকাল তুমি সেটাই কাটাবে যেমন কর্ম এখন তুমি করছ। এবং তখন কোনো অজুহাত কাজ করবে না।
মানুষের জীবনে দুঃখ আসার প্রধান কারণগুলো

দুঃখের দুইটি প্রধান কারণ আছে।
১. এই জন্মের পাপ।
এবং ২. পূর্বজন্মের কর্মফল!
অনেক সময় আমরা এই জীবনে এমন কাজ করি— যার ফল আমরা এই জীবনেই পাই।
যেমন কাউকে কষ্ট দিলে সম্পর্ক ভেঙে যায়। মিথ্যা বললে বিশ্বাস হারাই! কিন্তু সব দুঃখ এই জন্মের না। অনেক দুঃখ আমরা জন্মের আগেই নিয়ে আসি।
আচ্ছা পাপকর্ম মানে কী?
শাস্ত্র অনুযায়ী— যা শাস্ত্রে নিষেধ করা হয়েছে সেটাই পাপ।
পাপকর্ম তিন প্রকার।
১. শারীরিক পাপ। যেমন- পরহিংসা চুরি এবং পরস্ত্রীসঙ্গ। এই পাপ সরাসরি জীবনে ভয়ংকর ফল দেয়!
২. বাচিক পাপ। যেমন- মিথ্যা কথা নিষ্ঠুর বাক্য পরনিন্দা,এবং অর্থহীন কথা।
অনেক সময় আমরা বুঝিই না— আমাদের কোন কথা অন্যের হৃদয় ভেঙে দেয়।
৩. মানসিক পাপ। যেমন- লোভ,অন্যের ক্ষতি চিন্তা,এবং শাস্ত্রে অবিশ্বাস। সবচেয়ে বিপজ্জনক পাপ হচ্ছে— মনের ভিতরের পাপ। কারণ মন থেকেই সব কাজের জন্ম হয়।
কর্মফল কীভাবে কাজ করে?
কর্মফল তিনভাবে কাজ করে। তাৎক্ষণিক ফল, এই জীবনে দেরিতে ফল, এবং পূর্বজন্ম থেকে আনা ফল!
যেমন আগুনে হাত দিলে সাথে সাথে পোড়ে। আর খারাপ অভ্যাস ধীরে ধীরে ক্ষতি। এবং জন্মগত কষ্ট পূর্বজন্মের ফল!
কিছু শিশু জন্ম থেকেই কষ্ট পায়। তারা তো কিছুই করেনি কোন অপরাধ পাপ করেনি।
কিন্তু শাস্ত্র বলে— ওগুলো পূর্বজন্মের কর্মফল।
কলিযুগে মানুষ কোন চারটি পাপ সবচেয়ে বেশি করে
মাংস-আহার, জুয়াখেলা, নেশা, এবং অবৈধ যৌনতা। এগুলো শুধু আলাদা আলাদা দোষ নয়—এগুলো মানুষের ভিতর থেকে চারটি মহৎ গুণকে ধ্বংস করে দেয়।

১. আমিষ ভক্ষণ!
মাংস-আহার ধীরে ধীরে মানুষের দয়া নষ্ট করে। যেখানে করুণা থাকার কথা, সেখানে কঠোরতা জন্ম নেয়। হৃদয় আর অন্যের কষ্ট অনুভব করতে পারে না।
২. জুয়া খেলা!
জুয়াখেলা সত্যকে ধ্বংস করে। কারণ জুয়ার ভিতরেই লুকিয়ে থাকে লোভ। আর লোভ মানুষকে ধীরে ধীরে মিথ্যার দিকে ঠেলে দেয়! শুরুটা হয় ছোট একটা ইচ্ছা দিয়ে। একবার জিতলেই সব ঠিক হয়ে যাবে… কিন্তু সেই ইচ্ছাই একসময় আসক্তিতে পরিণত হয়। তখন মানুষ জিততে চায় যেভাবেই হোক। সত্য, সততা, নীতি সবকিছু ধীরে ধীরে ত্যাগ করতে শুরু করে। মিথ্যা বলা প্রতারণা করা এগুলো আর ভুল মনে হয় না, বরং জয়ের উপায় বলে মনে হয়।
এইভাবেই জুয়া শুধু টাকা হারায় না— এটা মানুষের সত্যবোধ, নৈতিকতা, আর চরিত্রকেই ভেঙে দেয়। শেষে কি থাকে জানেন? তা হলো শূন্যতা, অনুশোচনা, আর ভাঙা আত্মবিশ্বাস।
৩. অসৎ নেশা!
নেশা ধ্বংস করে শৌচ, অর্থাৎ মন বুদ্ধি এবং শরীর। যেখানে স্বচ্ছতা থাকার কথা, সেখানে অন্ধকার ঢুকে পড়ে। নেশাগ্রস্ত মানুষ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায়।
এবং ৪. অবৈধ শারীরিক সম্পর্ক!
অবৈধ যৌনতা নষ্ট করে তপস্যা সংযম ও আত্মনিয়ন্ত্রণ। মানুষ নিজের ইচ্ছার দাস হয়ে যায়, আত্মার শক্তি হারিয়ে ফেলে। এই চারটি পাপ একসাথে মানুষের ভেতরকে ফাঁপা করে দেয়! দয়া নেই সত্য নেই, পবিত্রতা নেই সংযম নেই।
তাই বলা হয়— এই চারটি জায়গা কলির আড্ডাখানা। অর্থাৎ, যেখানে এই চারটি পাপ প্রবেশ করে— সেখানেই কলির প্রভাব শুরু হয়। সেখানেই মানুষের পতন অনিবার্য হয়ে ওঠে।
তাই নিজের বিবেককে প্রশ্ন করুন! আমার জীবনে কি এই চারটির কোনোটা জায়গা করে নিচ্ছে? কারণ পতন কখনো হঠাৎ হয় না, এগুলোই ধীরে ধীরে ভিতর থেকে মানুষকে ভেঙে দেয়!
কিন্তু আশা হারাবেন না। ইতিহাসে এমন অনেক মানুষ আছে— যারা ভয়ংকর পাপী থেকেও মহান হয়েছে।
তারা হল Jagai and Madhai. তারা ছিল পাপী। কিন্তু পরে সব ত্যাগ করে— হরিনাম গ্রহণ করে মুক্তি পেয়েছিল।
Chaitanya Mahaprabhu. তাঁর কৃপায়— পাপীও সাধু হতে পারে।
কলিযুগে মুক্তি কীভাবে সম্ভব?
হরে কৃষ্ণ মহামন্ত্র এটাই মুক্তির চাবি! কলিযুগে মানুষ যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক যতই জ্ঞানী হোক। একটি জিনিস থেকে কেউ পালাতে পারে না— সেটি হলো নিজের কর্মফল থেকে! সমুদ্রের তলদেশে যেমন হাজার বছরের ডুবে থাকা জাহাজ একদিন আবার উপরে ভেসে ওঠে।
ঠিক তেমনই— মানুষের প্রতিটি কর্ম ভালো হোক বা খারাপ… একদিন না একদিন ফল নিয়ে ফিরে আসে। আপনি আজ যা করছেন তা শুধু আজকের জন্য নয়। তা আপনার আগামীকাল তৈরি করছে, আপনার ভবিষ্যৎ গড়ছে এমনকি আপনার পরবর্তী জন্মের পথও নির্ধারণ করছে!
মনে রাখবেন— আগুনের গোলা হাতে নিলে যেমন হাত পুড়বেই, তেমনি পাপ করলে তার ফলও ভোগ করতেই হবে।
আজকের দুঃখ হয়তো গতকালের ভুল কর্মের প্রতিফলন। আর আজকের পাপ আগামী দিনের অন্ধকার। এই পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে বাঁচতে পারে… কিন্তু কর্মফলকে কখনো ঠকানো যায় না! সমুদ্রের গভীরে নেমে গেলে যেমন চারদিকে শুধু অন্ধকার দেখা যায়, তেমনি পাপের পথে চলতে চলতে মানুষের আত্মাও ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়।
প্রথমে মানুষ ছোট পাপ করে, তারপর সেই পাপই তাকে টেনে নিয়ে যায় আরও গভীর অতলে।
ঠিক যেন সমুদ্রের ভয়ংকর ঘূর্ণিস্রোত— একবার টেনে নিলে ফিরে আসা কঠিন! কিন্তু এই কলিযুগে ভগবান আমাদের জন্য একটি সহজ পথ রেখে দিয়েছেন।

একটি মহৌষধ। একটি মুক্তির দরজা।
সেটি হলো “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।”
এই মহামন্ত্র শুধু শব্দ নয়, এটি আত্মার জাগরণ। এটি পাপ থেকে মুক্তির আলো। এটি অন্ধকার সমুদ্রের মাঝে একমাত্র বাতিঘর! যখন মানুষ হরে কৃষ্ণ নাম জপ করে… তখন ধীরে ধীরে তার হৃদয়ের ভেতরের কালো অন্ধকার ভাঙতে শুরু করে। লোভ কমে, রাগ কমে, অহংকার ভেঙে যায় আর আত্মা ভগবানের দিকে এগিয়ে যায়।
এই কথাটা মনে রাখুন, ধনসম্পদ মৃত্যুর পরে যাবে না। শরীরও একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু আপনার কর্ম, আপনার পাপ ও পুণ্য, সবকিছু আপনার সাথেই যাবে।
তাই আজ এখন থেকেই সিদ্ধান্ত নিন— পাপ থেকে দূরে থাকবেন। মিথ্যা ছাড়বেন। অন্যায় ছাড়বেন। খারাপ সঙ্গ ত্যাগ করবেন। আর প্রতিদিন ভগবানের নাম স্মরণ করবেন।
কারণ— আপনার কর্মই আপনার ভাগ্য। আর হরে কৃষ্ণ মহামন্ত্রই কলিযুগে মুক্তির একমাত্র পথ।





